রোববার, ২৯ সেপ্টেম্বর, পৃথিবী থেকে আকাশে দুটি চাঁদ দেখা যাবে—এমনটাই জানিয়েছে একটি প্রতিবেদন। তবে বাস্তবে চাঁদ নয়, এটি একটি গ্রহাণু, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে দুই মাসের জন্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করবে। এই গ্রহাণুটিকে ‘মিনি মুন’ বলা হচ্ছে, এবং এটি ২৯ সেপ্টেম্বর আকাশে বিশেষ সরঞ্জামের মাধ্যমে দেখা যাবে।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মিনি মুন’ এত ছোট ও আবছা যে খালি চোখে এটি ধরা পড়বে না। এমনকি সাধারণ দূরবীন বা হোম টেলিস্কোপ দিয়েও এটি দেখা সম্ভব হবে না।
জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই ছোট মিনি মুনটি অর্জুন গ্রহাণু বেল্টের অন্তর্গত, যা পৃথিবী থেকে প্রায় ৯ কোটি ৩০ লাখ মাইল দূরে অবস্থিত। গ্রহাণুটি পৃথিবীকে অনুসরণ করে সূর্যের চারপাশে ঘুরবে এবং দুই মাসের মধ্যে আবার অর্জুন বেল্টে ফিরে যাবে।
জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মার্কোস জানিয়েছেন, এই গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি, প্রায় ২৮ লাখ মাইল দূরত্বে আসতে পারে। এ সময় এটি পৃথিবীর অস্থায়ী চাঁদে পরিণত হতে পারে, যদিও এটি সম্পূর্ণভাবে পৃথিবীর চারপাশে কক্ষপথ অনুসরণ করবে না। অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো করেই চলে যাবে গ্রহাণুটি।
জ্যোতির্বিজ্ঞানীরা এই ঘটনাটিকে ‘মিনি মুন ইভেন্ট’ হিসেবে উল্লেখ করেছেন। তারা বলছেন, পৃথিবীর কাছাকাছি কোনো গ্রহাণু ২৮ লাখ মাইল দূরত্বে এলে মিনি মুন হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সেই সময় গ্রহাণুটি পৃথিবীর আকর্ষণে সাময়িকভাবে আবদ্ধ হয়ে পড়ে।
তথ্যসূত্র: স্পেস ডটকম, ফোর্বস ডটকম
.jpeg)

0 Comments