সপরিবারে ভারতে যাওয়ার সময় জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজ্যেশ্বর দাসকে গ্রেপ্তার করেছে বিজিবি। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার একটু আগে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

রাজ্যেশ্বর দাস (৫৮) সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের সরাপপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সদস্যরা রাজ্যেশ্বর দাসকে পরিবারের সঙ্গে ভারতে পালানোর সময় গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে জাল টাকার মামলা ছিল। এছাড়াও, রাজনৈতিক প্রভাব ব্যবহার করে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল ও দুর্নীতির অভিযোগও রয়েছে।

সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান, আটক রাজ্যেশ্বর দাসকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।