আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ভারতে পালানোর সময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজেশ্বর দাসকে আটক করেছে বিজিবি। পরে তাকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয় এবং সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। 


রাজেশ্বর দাস সাতক্ষীরার আশাশুনি উপজেলার সারাপপুর গ্রামের বাসিন্দা। বিজিবি সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে তিনি ভারতে যাওয়ার পরিকল্পনা করছিলেন। এই খবরের ভিত্তিতে বিজিবি তাকে আটক করে।

রাজেশ্বর দাসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। ২০০৮ সালে তার বিরুদ্ধে জাল টাকা সংক্রান্ত একটি মামলা হয়, এছাড়াও অবৈধ অস্ত্র রাখা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় চিংড়ি মাছের ঘের দখল, আধিপত্য বিস্তার এবং দুর্নীতির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, "আটক হওয়া ব্যক্তিকে আমরা আইনগত প্রক্রিয়ার জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করেছি।"