জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যে ভাষণ দিয়েছেন, তা নিয়ে জাতিসংঘ সন্তোষ প্রকাশ করেছে। গত শুক্রবার সংস্থাটির নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ে দুজারিককে প্রশ্ন করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন। তার ভাষণে বাংলাদেশের বর্তমান জটিল পরিস্থিতি, গাজার সংকট এবং ইউক্রেনের মানবিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করা হয়। সাংবাদিক আরও জানতে চান, ড. ইউনূসের ভাষণ এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে তার বৈঠক সম্পর্কে জাতিসংঘের দৃষ্টিভঙ্গি কী।
জবাবে দুজারিক বলেন, অধিবেশনে প্রদত্ত প্রতিটি ভাষণ সম্পর্কে আমাদের মন্তব্য করা সম্ভব নয়। তবে, যখন কোন দেশ তাদের সবচেয়ে সম্মানিত প্রতিনিধিকে জাতিসংঘে পাঠায়, তখন তা আমাদের জন্য বিশেষ গর্বের বিষয়।
ড. মুহাম্মদ ইউনূস ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছান এবং তার চারদিনের সফরকালে অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটান। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। এই সফরটি বাংলাদেশের আন্তর্জাতিক অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং অংশীদারিত্ব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
.jpeg)


0 Comments