আজ শনিবার রাত থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত কুয়াকাটার সাবমেরিন কেবল স্টেশনে রক্ষণাবেক্ষণের কারণে সারাদেশে ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি (বিএসসিপিএলসি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) এর লাইটিং ফিল্টার স্থাপনের জন্য শনিবার রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত চার ঘণ্টার কাজ চলবে। এই সময়ে SMW5 সাবমেরিন কেবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে।

তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন কেবলের সার্কিটগুলো চালু থাকবে। কাজ চলাকালীন ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িকভাবে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে।

বিএসসিপিএলসি কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। উল্লেখ্য, বিএসসিপিএলসি সিমিউই- সিমিউই- কনসোর্টিয়ামের সদস্য হিসেবে বাংলাদেশের সাবমেরিন কেবলের ক্ষমতা পর্যাপ্ততা নিশ্চিত করছে।