সোমবার (৩০ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩ সালের সাইবার নিরাপত্তা আইনের আওতায় আগস্ট ২০২৪ পর্যন্ত ৮টি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫৮১৮টি মামলা চলমান রয়েছে।
এই মামলাগুলোর মধ্যে যেগুলো ডিজিটাল মাধ্যমে মতপ্রকাশের কারণে দায়ের করা হয়েছে, সেগুলোকে ‘স্পিচ অফেন্স’ এবং যেগুলো কম্পিউটার হ্যাকিং বা ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে জালিয়াতির অভিযোগে দায়ের করা হয়েছে, সেগুলোকে ‘কম্পিউটার অফেন্স’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বর্তমানে ১৩৪০টি স্পিচ অফেন্স মামলা চলমান, যার মধ্যে ৪৬১টি তদন্তাধীন এবং ৮৭৯টি বিচারাধীন অবস্থায় রয়েছে।
এই মামলাগুলোর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা রয়েছে।
সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১৩৪০টি স্পিচ অফেন্স মামলার মধ্যে বিচারাধীন ৮৭৯টি মামলা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত প্রত্যাহার করা হবে। আর ৪৬১টি তদন্তাধীন মামলার দ্রুত নিষ্পত্তির জন্য তদন্তকারী কর্মকর্তাদের চূড়ান্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রক্রিয়ার মাধ্যমে স্পিচ অফেন্স মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরাও দ্রুত মুক্তি পাবেন।
.jpeg)

0 Comments